নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১,জুন :: রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা উসকে দিয়ে নির্ধারিত দিনে ভবানীভবনে হাজিরা দিলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ।
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়েছেন বলে সূত্রের খবর। তবে বিরোধীদের অভিযোগ, অসুস্থতার অজুহাতে কার্যত পুলিশি তলব এড়িয়ে গেলেন অভিষেক।
ভবানীভবনে একটি নির্দিষ্ট মামলার তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নোটিস পাঠানো হয়েছিল। সোমবার নির্দিষ্ট সময়ে তাঁর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সেখানে যাননি।
পরিবর্তে তাঁর আইনজীবীদের মাধ্যমে তদন্তকারী আধিকারিকদের কাছে চিকিৎসাজনিত কারণ উল্লেখ করে সময় চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, গত কয়েকদিন ধরে প্রবল রাজনৈতিক কর্মসূচি ও সফরের কারণে অভিষেক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে রয়েছেন। ফলে এই মুহূর্তে ভবানীভবনে হাজির হওয়া তাঁর পক্ষে সম্ভব হয়নি। দলীয় নেতাদের বক্তব্য, তদন্তে সহযোগিতা করতে তিনি প্রস্তুত এবং নতুন তারিখ জানানো হলে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।
অন্যদিকে বিরোধী শিবির এই ঘটনাকে ঘিরে কটাক্ষ করতে শুরু করেছে। তাদের দাবি, আইন সবার জন্য সমান হওয়া উচিত।
সাধারণ নাগরিকদের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য, রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হওয়া প্রয়োজন। বিরোধী নেতাদের অভিযোগ, তদন্তের মুখোমুখি হওয়া এড়াতেই অসুস্থতার কারণ সামনে আনা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়েছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে প্রতিটি ঘটনাই বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। তাঁর অনুপস্থিতি স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিতর্ককে আরও উসকে দিয়েছে।
তবে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কিছু জানানো হয়নি। নতুন করে সমন পাঠানো হবে কি না, অথবা অভিষেকের আবেদনের ভিত্তিতে অন্য কোনও দিন হাজিরার নির্দেশ দেওয়া হবে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
অসুস্থতার কারণে অনুপস্থিতি নাকি তদন্ত এড়ানোর কৌশল—এই বিতর্কের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাজ্য রাজনীতির পারদ আরও চড়ল বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

