সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: বৃহস্পতিবার ৪,জুন :: দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন মহিলা ও শিশু রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা কুলতলির গোদাবর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তদন্তে জানা গেছে, দালালদের মাথাপিছু ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা দিয়ে সীমান্ত পেরিয়ে তারা ভারতে এসেছিলেন।
গত দুই থেকে তিন বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের আটক করে।
এই অনুপ্রবেশের পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না এবং আর কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

