নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: রবিবার ৭,জুন :: বোলপুরের চিত্রা মোড় এলাকায় ‘BSF On Duty’ লেখা দুটি গাড়িতে গরু পরিবহণকে কেন্দ্র করে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝাড়খণ্ডের দিকে যাওয়ার পথে গাড়ি দুটিকে সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা সেগুলি আটক করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ি দুটিতে গরু বোঝাই ছিল এবং গাড়ির গায়ে ‘BSF On Duty’ লেখা ছিল। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গাড়ি দুটিকে থামিয়ে প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি এবং পরিবহণ সংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। প্রাথমিক যাচাইয়ের পর নথিপত্রে অসঙ্গতি না পাওয়ায় গাড়ি দুটিকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। তবে কেন গাড়ির গায়ে ওই ধরনের লেখা ব্যবহার করা হয়েছিল, তা নিয়েও স্থানীয় মহলে আলোচনা শুরু হয়েছে।
ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য কৌতূহল ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যায়। বিষয়টি নিয়ে পুলিশি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে বলে সূত্রের খবর।

