পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারের অভিযোগ

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: রবিবার ৭,জুন :: -দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা অঞ্চলে এক পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগের কেন্দ্রে কামারপোল গ্রাম পঞ্চায়েতের প্রধান মইদুল ইসলাম। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় সূত্রের দাবি, শনিবার গভীর রাতে গ্রামবাসীদের একাংশ প্রধানের বাড়িতে গিয়ে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী মজুত দেখতে পান।

অভিযোগ, বাড়ির বিভিন্ন ঘর থেকে কয়েক হাজার ত্রিপল, শিশু খাদ্য, কম্বল, পোশাক এবং বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার হয়েছে। স্থানীয়দের আরও দাবি, উদ্ধার হওয়া ওষুধের মধ্যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ কর্মসূচির লোগোযুক্ত ওষুধও ছিল।

ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে পুলিশের পোশাক এবং গুলির খোল বা বাক্স উদ্ধারের দাবি। যদিও এই দাবিগুলির সত্যতা এখনও প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবু ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

খবর পেয়ে ডায়মন্ড হারবার ও পারুলিয়া কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া সামগ্রী নিজেদের হেফাজতে নেয় বলে জানা গিয়েছে।

কীভাবে ওই সামগ্রী প্রধানের বাড়িতে এল, সেগুলি সরকারি ত্রাণ কি না এবং পুলিশের পোশাক বা গুলির খোলের উৎস কী—সবটাই তদন্ত করে দেখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =