ফালাকাটা পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগ, জল্পনা রাজনৈতিক মহলে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা  :: মঙ্গলবার ১০,জুন :: ফালাকাটা: ফালাকাটা পুরসভায় বড় প্রশাসনিক পরিবর্তন। চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন পুরসভার চেয়ারম্যান অভিজিৎ রায় এবং ভাইস চেয়ারম্যান রুমা রায় সরকার। দু’জনেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে তাঁরা স্পষ্ট জানিয়েছেন, কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ফালাকাটার উন্নয়নের কাজে পুরসভার পাশে থাকবেন। অভিজিৎ রায় ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং রুমা রায় সরকার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

এ দিন পুরসভার এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে মহকুমাশাসকের কাছে তাঁদের পদত্যাগপত্র পাঠানো হয়। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিজিৎ রায় বলেন, চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর প্রথম তিন মাসে ফালাকাটার উন্নয়নে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছিল।

কলকাতা থেকে বিভিন্ন প্রকল্পের জন্য অর্থও আনা হয়েছিল। কিন্তু নির্বাচন ঘোষণার পর উন্নয়নমূলক কাজ কার্যত থমকে যায়। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে তিনি যে ভাবে কাজ করতে চেয়েছিলেন, সে ভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

তাই শুধুমাত্র পদ আঁকড়ে না থেকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ‘মডেল ফালাকাটা’ গড়ার স্বপ্ন এখনও তাঁর রয়েছে এবং ভবিষ্যতেও পুরসভাকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে, রুমা রায় সরকার বলেন, ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছিল না। সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ফালাকাটা পুরসভার উন্নয়নমূলক কাজে তিনি সবসময় পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন।

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের একসঙ্গে পদত্যাগে ফালাকাটার রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এখন পুরসভার নেতৃত্বে কারা আসবেন, সেদিকেই নজর স্থানীয় মহলের।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 12 =