নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: মঙ্গলবার ১০,জুন :: বোলপুর থানার বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচশোয়া গ্রামে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এক তৃণমূল নেতাকে ঘিরে।
অভিযোগ, দুর্নীতির একাধিক অভিযোগে দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া থাকা বাহিরী গ্রামের তৃণমূল নেতা তাপস কৈবর্তকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন এলাকার এক বিজেপি নেতা বিজয় ভকত।
এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাপস কৈবর্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের জেরেই তিনি দীর্ঘ সময় ধরে এলাকায় প্রকাশ্যে যাতায়াত করছিলেন না বলে দাবি গ্রামবাসীদের একাংশের।
অভিযোগ, সেই তাপস কৈবর্তকে গোপনে আশ্রয় দিয়ে রেখেছিলেন বিজেপি নেতা হিসেবে পরিচিত বিজয় ভকত। বিষয়টি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়াতে শুরু করে পাঁচশোয়া গ্রামে। অভিযোগ, ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভকারীদের চাপে বাড়ির ভিতর থেকে তাপস কৈবর্তকে বের করে আনা হয়।
সেই সময়ই উত্তেজিত জনতার একাংশ পুলিশের উপস্থিতিতেই তাপস কৈবর্তকে মারধর করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় পুলিশ দ্রুত তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়।
পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে তাপস কৈবর্তকে বোলপুর থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে পাঁচশোয়া গ্রাম ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
একদিকে যেখানে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক তৃণমূল নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতার বিরুদ্ধে, অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুই রাজনৈতিক শিবিরের সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত অভিযুক্ত বিজেপি নেতা বিজয় ভকত বা তৃণমূল নেতা তাপস কৈবর্তের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

