নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১১,জুন :: মালদার হবিবপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী এবং আরটিএ সদস্য অমল কিস্কুকে ঘিরে উত্তেজনা ছড়াল বামনগোলা ব্লকের পারহবিনগর এলাকায়।
বৃহস্পতিবার সকালে তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম ছোড়ার অভিযোগ ওঠে স্থানীয় গ্রামবাসীদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, অমল কিস্কু পারহবিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতেন না।
অমল কিস্কু পারহবিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ এবং গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র জমা দেওয়া হলেও তৎকালীন প্রশাসন কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি বলে দাবি গ্রামবাসীদের। বৃহস্পতিবার সকালে অমল কিস্কু বিদ্যালয়ে পৌঁছতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় ভিলেজ পুলিশ। পরে নিরাপত্তার স্বার্থে অমল কিস্কুকে বিদ্যালয় থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অমল কিস্কুর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

