সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১২,জুন :: বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া এলাকার অনিলনগরে একটি অবৈধ প্লাস্টিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
রাত প্রায় ৯টা নাগাদ হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জনবসতিপূর্ণ এলাকার মধ্যেই দীর্ঘদিন ধরে ওই প্লাস্টিকের গোডাউনটি চলছিল। প্রথমে স্থানীয়রাই গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে ছুটে আসেন।
দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে এলাকার বাসিন্দারা নিজেরাই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন।
স্থানীয়দের প্রাথমিক প্রচেষ্টার পাশাপাশি দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। ফলে বড়সড় দুর্ঘটনা ও আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিশ। কী কারণে আগুন লাগল, গোডাউনটির বৈধ অনুমতি ছিল কি না এবং সেখানে কী পরিমাণ দাহ্য সামগ্রী মজুত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজও শুরু করেছে প্রশাসন।

