নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ১৩,জুন :: নামী কসমেটিক্স সংস্থার ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে নকল পণ্য বিক্রির অভিযোগে দুর্গাপুরের বেনাচিতি বাজারে অভিযান চালাল পুলিশ ও আইনজীবীদের একটি প্রতিনিধিদল।
আদালতের নির্দেশে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ নকল কসমেটিক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রীগুলি আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, দেশের একাধিক নামী কসমেটিক্স সংস্থার ব্র্যান্ডের নামে বাজারে নকল পণ্য বিক্রির অভিযোগ ওঠে।
সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে বোম্বে হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে সংশ্লিষ্ট সংস্থাগুলির পক্ষ থেকে দুই প্রতিনিধিকে সাধারণ ক্রেতা সেজে বিভিন্ন বাজারে পাঠানো হয়। তাঁরা বিভিন্ন দোকান থেকে পণ্য কিনে পরীক্ষা-নিরীক্ষা করেন।
তদন্তে অভিযোগের সত্যতা সামনে আসে বলে দাবি করা হয়েছে।পরবর্তীতে বিষয়টি কলকাতা হাইকোর্টের নজরে আনা হলে আদালত তদন্ত ও তল্লাশির নির্দেশ দেয়।
সেই নির্দেশ মেনেই শুক্রবার বেনাচিতি বাজারের দুটি কসমেটিক্সের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে বহু নামী ব্র্যান্ডের নামে বিক্রি হওয়া নকল সামগ্রী উদ্ধার হয়।
কলকাতা হাইকোর্টের বার কাউন্সিলের সদস্য দীপ্তনীল হাজরা জানান, বোম্বে হাইকোর্টে দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাই করতে কোম্পানির পক্ষ থেকে প্রতিনিধিদের পাঠানো হয়েছিল।
তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিষয়টি কলকাতা হাইকোর্টে উপস্থাপন করা হয়। আদালতের নির্দেশেই এই অভিযান চালানো হয়েছে।

