বর্ষার আগে জলনিকাশি ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী বিধায়ক সিদ্ধার্থ মজুমদার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শনিবার ১৩,জুন :: বর্ষা এলেই পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের একাধিক ওয়ার্ডে জল জমার সমস্যা নতুন নয়।

প্রতিবছরই বেহাল নিকাশি ব্যবস্থার কারণে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়। সেই সমস্যার সমাধানে উদ্যোগী হলেন নবনির্বাচিত বিধায়ক সিদ্ধার্থ মজুমদার।

শপথ গ্রহণের পর থেকেই এলাকার জলনিকাশি ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি।সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন দেখা গেল শুক্রবার।এদিন কালনা পৌরসভার যোগীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকা একটি ড্রেন পরিষ্কারের কাজে সরাসরি উপস্থিত থেকে তদারকি করেন বিধায়ক।

বিধায়ক জানান, ড্রেনটির পিছনেই একটি স্কুল রয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে ওই এলাকার ড্রেন পরিষ্কার না হওয়ায় বর্ষাকালে জল জমে সাধারণ মানুষের পাশাপাশি পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হয়।

তাই বর্ষার আগে জলনিকাশি ব্যবস্থাকে সচল রাখতে নিজে উপস্থিত থেকে ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাময়িক সমাধানের পাশাপাশি স্থায়ীভাবে জল জমার সমস্যা দূর করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী দিনে কালনা শহরের বিভিন্ন এলাকায় নিকাশি ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন বিধায়ক।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বর্ষার আগে এমন পদক্ষেপে সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =