চন্দননগরে জোড়া গ্রেপ্তার, ধৃত প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল ও প্রাক্তন কাউন্সিলর অনিমেষ বন্দ্যোপাধ্যায়

জাকির আলী   :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: শুক্রবার ১৯,জুন :: চন্দননগরে দুটি পৃথক মামলায় চাঞ্চল্যকর পদক্ষেপ নিল পুলিশ। গ্রেপ্তার করা হলো চন্দননগর পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল এবং প্রাক্তন কাউন্সিলর অনিমেষ বন্দ্যোপাধ্যায়কে।

অভিযোগ, দুই ক্ষেত্রেই অভিযোগকারীদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে মারধর, শ্লীলতাহানি এবং একাধিক গুরুতর অপরাধে জড়িত ছিলেন তাঁরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার চন্দননগর থানায় দায়ের হওয়া এক অভিযোগের ভিত্তিতে প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালের বিরুদ্ধে মামলা রুজু হয়।

অভিযোগে বলা হয়েছে, তিনি ও তাঁর সহযোগীরা অভিযোগকারীর বাড়িতে ঢুকে হামলা চালান, অভিযোগকারীর স্ত্রীকে শ্লীলতাহানি করেন।

পাশাপাশি অপহরণ ও তোলাবাজির অভিযোগও আনা হয়েছে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারার পাশাপাশি আর্মস অ্যাক্টের ২৫ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, প্রাক্তন কাউন্সিলর অনিমেষ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই চন্দননগর থানায় একটি মামলা রুজু হয়েছিল। অভিযোগ, তিনি ও তাঁর সহযোগীরা অভিযোগকারীর বাড়িতে ঢুকে মারধর করেন। এছাড়াও এক মহিলা অভিযোগকারীর শ্লীলতাহানি এবং তাঁকে হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে।

দুটি মামলার তদন্তে নেমে বৃহস্পতিবারই মুন্না আগরওয়াল ও অনিমেষ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে চন্দননগর থানার পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে চন্দননগর জুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 1 =