নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২০,জুন :: বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি ।
প্রসঙ্গত, বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে এই সই জালিয়াতির অভিযোগ ওঠে। তৃণমূলের তরফে পরিষদীয় দলের নেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে স্পিকার রথীন্দ্র বসুর কাছে একটি চিঠি জমা দেওয়া হয়। যাতে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর ছিল।
কিন্তু স্পিকার সেই চিঠি গ্রহণ করেননি। এর পরেই উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহা ওই চিঠির স্বাক্ষর নিয়ে জালিয়াতির অভিযোগ তোলেন। শনিবার সকালে সিআইডির দুই সদস্যের একটি প্রতিনিধি দল ভবানীপুরে শোভনদেবের বাসভবনে যান। সূত্রের খবর, প্রায় ঘণ্টাখানেক ধরে ওই প্রবীণ নেতার সঙ্গে কথা বলেন তদন্তকারীরা ।
পরে শোভনদেব বলেন যাঁরা এই অভিযোগ তুলেছেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। কারণ, প্রস্তাবের সময় সকলেই উপস্থিত ছিলেন। এই সই কাণ্ডের তদন্তভার পাওয়ার পর থেকেই সিআইডি তৎপরতা বাড়িয়েছে।
ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া একাধিক তৃণমূল বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারীরা ।

