অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারীদের কান ধরিয়ে সতর্ক বিজেপি নেতার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২২,জুন :: সরকারের নিষেধাজ্ঞা ও প্রশাসনিক নজরদারির দাবির মাঝেই দুর্গাপুরে প্রকাশ্যে অবৈধ বাংলা মদের কারবারের অভিযোগ। তৃণমূল নেতাদের মদতে এলাকায় দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চলছে বলে অভিযোগ তুলে সরাসরি মদের ঠেকে হানা দিল বিজেপি।

দেখা যায় এই একের পর এক বাড়িতে রয়েছে অবৈধভাবে মদ মজুদ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের নিউ টাউনশিপ থানার সুভাষপল্লী এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রমরমিয়ে চলছে অবৈধ মদের ব্যবসা। সন্ধ্যা নামলেই এলাকায় ভিড় জমায় সমাজবিরোধীরা।মদ্যপ দের উৎপাতের জেরে নিত্য সমস্যায় পড়তে হয় এলাকার মহিলাদের। স্থানীয়দের দাবি, যুব সমাজের একাংশও এই অবাধ মদ বিক্রির কারণে বিপথে চালিত হচ্ছে।

একাধিকবার অভিযোগ জানানো হলেও কোন কাজ হয়নি। এই অভিযোগকে সামনে রেখেই জেলা বিজেপির ওবিসি মোর্চার সম্পাদক স্বাধীন রায় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে এলাকায় পৌঁছান।

এরপর অভিযুক্ত মদের ঠেকগুলিতে হানা দেন তাঁরা। বিজেপি কর্মীদের উপস্থিতিতে একাধিক বাড়ি থেকে পেটি পেটি বাংলা মদের বোতল বেরিয়ে আসে।

তারপরেই মদ কারবারীদের কান ধরিয়ে সতর্ক করেন। ঘটনাস্থল থেকেই স্বাধীন রায় তীব্র ভাষায় বলেন , ‘‘এতদিন তৃণমূলের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় এলাকায় রমরমিয়ে মদের কারবার চলত।

এবার বিজেপি সরকার এসেছে আর সরকারের তরফ থেকে বলা হয়েছে এই সব কারবার বরদাস্ত করা হবে না। তাই আমরা অবৈধ কারবারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছি। আমরা পুলিশ কেও জানাচ্ছি। যারা এই কারবারের সাথে যুক্ত তারা কেউ রেহাই পাবে না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 4 =