নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: মঙ্গলবার ২৩,জুন :: পরিবার নিয়ে জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। কয়েকদিন পর বাড়ি ফিরে দরজা খুলতেই চোখে পড়ে ভয়াবহ দৃশ্য। ঘরের সমস্ত জিনিসপত্র তছনছ, আলমারি ও আসবাবপত্র লণ্ডভণ্ড।
অভিযোগ, ঘরের পেছনের জানালা ভেঙে বাড়িতে ঢুকে চোরের দল নগদ টাকা, সোনা-রুপোর গয়না সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মেলের মাঠ এলাকায়।
ভুক্তভোগী গোবিন্দ দাস জানান, গত শনিবার তিনি পরিবার-পরিজনকে নিয়ে জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন।
সোমবার বাড়ি ফিরে দরজা খুলতেই দেখতে পান তাঁর তিনটি ঘর ও ঠাকুরঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
গোবিন্দ দাসের অভিযোগ, বাড়ির পেছনের একটি জানালা ভেঙে চোর ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর বাড়ির চারটি ঘরে তছনছ চালিয়ে মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
তাঁর দাবি, সোনা ও রুপোর একাধিক গয়না, সোনার চেন, কানের দুল, বাসনপত্র এবং প্রায় ৫০ হাজার টাকা নগদ চুরি হয়েছে। তিনি জানান, নগদ টাকাগুলি ঘরের চালের ভিতরে লুকিয়ে রাখা ছিল। কিন্তু চোরেরা সেই লুকিয়ে রাখা জায়গাও খুঁজে বের করে টাকা নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ বাড়ি পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে চোরেরা বাড়িতে প্রবেশ করল এবং এই চুরির সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় এই দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় চুরির ঘটনা বাড়ছে। তাই পুলিশি নজরদারি ও রাতের টহল আরও বাড়ানোর দাবি উঠেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

