নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: মঙ্গলবার ২৩,জুন :: ভোট পরবর্তী হিংসায় গ্রেপ্তারের পর বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা লাভপুরের ধৃত তৃণমূল নেতা আব্দুল মান্নানকে ঘিরে উত্তাল হয়ে উঠল হাসপাতাল চত্বর।
ধৃত নেতাকে দেখামাত্রই উত্তেজিত জনতা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তাকে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন। এই ঘটনায় হাসপাতাল চত্বরে কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।সম্প্রতি লাভপুরের তৃণমূল নেতা আব্দুল মান্নানকে একটি ভোট পরবর্তী হিংসার মামলায় পুলিশ গ্রেপ্তার করে।
আজ, মঙ্গলবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ধৃত নেতাকে পুলিশের গাড়ি থেকে নামিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পথেই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে।উত্তেজনার মুহূর্ত হাসপাতাল চত্বরে উপস্থিত স্থানীয় মানুষ ও রোগীর আত্মীয়রা তাকে দেখামাত্রই প্রতিবাদ শুরু করেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিড়ের মধ্য থেকে ধৃত নেতাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়তে থাকেন উত্তেজিত জনতা।
‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান পচা ডিম ছুড়ে তাকে মারা হয় পরিস্থিতি সামলাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।বিক্ষোভের জেরে হাসপাতাল চত্বরে সাধারণ রোগী ও তাদের পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি প্রহরা ও কঠোর তৎপরতায় কোনোমতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

