নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জঙ্গিপুর :: শুক্রবার ২৬,জুন :: জঙ্গিপুরের বিভিন্ন প্রান্ত ও গ্রামের মহরমের দলগুলি একে একে চরকা মাজারের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। এ বছর প্রশাসনের নির্দেশ মেনে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে এবং অস্ত্র ছাড়াই মহরম পালন করতে দেখা যাচ্ছে বিভিন্ন কমিটিকে।
প্রতিটি দলই শৃঙ্খলা বজায় রেখে নির্ধারিত নিয়ম-কানুন মেনে এগিয়ে চলেছে। পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে পুলিশ প্রশাসন। জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিকের সমস্ত আধিকারিকরা রাস্তায় উপস্থিত থেকে বিভিন্ন দলের গতিবিধি পর্যবেক্ষণ করছেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে প্রয়োজনীয় সহযোগিতা করছেন।
প্রতিটি দলের সঙ্গে পর্যাপ্ত সংখ্যক পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।
এবারের মহরমকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা লক্ষ্য করা যাচ্ছে। গ্রামের বাসিন্দারা প্রশাসনের নির্দেশ মেনে চলতে উদ্যোগী হয়েছেন এবং দলগুলিকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
বালিঘাটা মহরম কমিটির সহ-সম্পাদক শফিকুল শেখ বলেন, “আমরা প্রশাসনের সমস্ত নিয়ম-কানুন মেনেই দল নিয়ে এসেছি। প্রথমদিকে কিছুটা অসুবিধা হলেও পরবর্তীতে গ্রামবাসীরা নিজেরাই নিয়ম মেনে দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন। এজন্য আমি গ্রামের সমস্ত সাধারণ মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাই।
পাশাপাশি রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাই, কারণ তাদের সহযোগিতা ও তৎপরতায় আমরা শান্তিপূর্ণভাবে মহরম পালন করতে পারছি।” জঙ্গিপুরে এ বছরের মহরম সম্প্রীতি, শৃঙ্খলা ও প্রশাসন-জনতার পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে
