নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২৭,জুন :: গ্রেপ্তার তৃনমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী | সার্ভে পার্ক থানায় তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে মোট দুটি এফআইআর (১০৫ এবং ১০৬ নম্বর) দায়ের হয়েছে। এর মধ্যে সবথেকে গুরুতর অভিযোগটি হলো শ্লীলতাহানি।
শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে অবৈধ কাজে বাধা দেওয়া, শারীরিক আঘাত করা, সম্পত্তির ক্ষতিসাধন এবং বিবস্ত্র করার উদ্দেশ্যে বলপ্রয়োগ করার মতো ভয়াবহ অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে, ভয় দেখানো, চুরি ও অনধিকার প্রবেশের মতো একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
দ্বিতীয় এফআইআরটিতে তোলাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। গত ২৩ জুন অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিশ তদন্তে নেমে শুক্রবার রাতে এই অভিযানে নামে ।
৬৫ বছর বয়সি এই তৃণমূল নেতা অতীতে ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন এবং কলকাতা পুরসভার ১১ নম্বর বরোর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই গ্রেপ্তারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের একাধিক প্রাক্তন কাউন্সিলার এবং নেতাদের বিরুদ্ধে তোলাবাজি ও জোরজুলুমের অভিযোগে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই তালিকায় তারকেশ্বর চক্রবর্তীর নাম সংযোজন নতুন করে জল্পনার জন্ম দিয়েছে।
শনিবার ধৃত এই প্রাক্তন কাউন্সিলারকে আদালতে হাজির করানো হবে। এই অভিযোগের নেপথ্যে আর কারা যুক্ত এবং এর সঙ্গে দলের অন্য কোনো বড় কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে এখন তদন্তকারীদের বিশেষ নজর রয়েছে।

