নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অশোকনগর :: বুধবার ০১,জুলাই :: নেপালের সোনার দোকান থেকে প্রায় ১৫০ গ্রাম সোনা চুরি করে পালিয়ে আসার অপরাধে এক যুবক ও তার বাবাকে গ্রেফতার করল অশোকনগর থানার পুলিশ। ধৃতদের নাম প্রীতম দাস (ওরফে টিটু) এবং চিত্তরঞ্জন দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেপালের বীর্তামদ এলাকার বাসিন্দা রাজ গুপ্তার একটি সোনার দোকানে বিগত ১০-১৫ বছর ধরে কাজ করতেন ভারতের সেনডাঙা দুর্জয়পুর এলাকার বাসিন্দা চিত্তরঞ্জন দাস ও তাঁর ছেলে প্রীতম দাস।


প্রীতম দাস (ওরফে টিটু ) চিত্তরঞ্জন দাস – বাবা
অভিযোগ, দোকানে কাজ করার সুবাদে বিগত দিনে তাঁরা দুজনে মিলে ধীরে ধীরে, অল্প অল্প করে দোকান থেকে সোনা সরাতে থাকেন।
এইভাবে প্রায় ১৫০ গ্রাম সোনা (যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২৪ লাখ টাকা) চুরি করার পর, গত ২০শে জুন তাঁরা দোকান মালিককে না জানিয়ে নেপাল থেকে পালিয়ে ভারতে নিজেদের এলাকায় চলে আসেন।
ঘটনা জানতে পেরে গত ২২শে জুন দোকানের মালিক রাজ গুপ্তা ইমেলের মাধ্যমে অশোকনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্তে নেমে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে দীঘার একটি হোটেল থেকে মূল অভিযুক্ত প্রীতম দাসকে গ্রেফতার করে পুলিশ।
এরপর চুরির ঘটনায় যোগসূত্র থাকার অপরাধে গোবরডাঙার গৈপুর এলাকা থেকে প্রীতমের বাবা চিত্তরঞ্জন দাসকেও গ্রেফতার করা হয়। চুরি যাওয়া সোনা উদ্ধার করতে অশোকনগর থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

