নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ০১,জুলাই :: বুধবার দুর্গাপুরের ইস্পাত নগরীতে রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেনকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপির কর্মী-সমর্থকরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
এদিন চৈতন্য এভিনিউয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন।
অনুষ্ঠান শেষে তিনি কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় বিজেপি কর্মী-সমর্থকরা কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ শুরু করেন।
পাশাপাশি “দোলা সেন হায় হায়” এবং “দূর হটো” স্লোগানও তোলা হয়। বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনায় তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

