অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ৪,জুলাই :: অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছানোর অভিযোগে শনিবার দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন বহু মহিলা।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হলেও অনলাইনে তাঁদের আবেদনপত্রের স্ট্যাটাসে ‘বাতিল’ দেখানো হচ্ছে। কেন আবেদন বাতিল হয়েছে, সে বিষয়ে কোনও স্পষ্ট কারণ বা ব্যাখ্যা তাঁদের জানানো হয়নি।

সমস্যার সমাধানের আশায় তাঁরা মহকুমা শাসক দপ্তরে গেলে, কর্তৃপক্ষের পক্ষ থেকে আগামী ১০ তারিখের পর আবার আবেদনপত্রের স্ট্যাটাস পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। এই জবাবে ক্ষোভ আরও বাড়ে এবং দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন আবেদনকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, বারবার সরকারি দপ্তরে ঘুরেও সমস্যার কোনও স্থায়ী সমাধান মিলছে না। প্রকৃত যোগ্য আবেদনকারীরা অযথা হয়রানির শিকার হচ্ছেন। তাঁদের আবেদনগুলি দ্রুত পুনর্বিবেচনা করে প্রাপ্য আর্থিক সহায়তার টাকা অবিলম্বে ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 2 =