নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লালবাগ :: বুধবার ৮,জুলাই :: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর মুর্শিদাবাদ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে মঙ্গলবার ৮ দফা দাবিকে সামনে রেখে লালবাগ সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর দপ্তরে একটি ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ডেপুটেশন জমা দেওয়ার আগে বিডিও অফিস চত্বরে একটি পথসভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন মুর্শিদাবাদ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক মনু শেখ, প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান, রিয়াসমূল হক, কল্যাণ নাগ, বিপ্লব দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব।
উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক। ডেপুটেশনের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল— চূড়ান্ত ভোটার তালিকায় বৈধ ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা,
ব্লক ভিত্তিক ট্রাইবুনাল গঠন করে বাদ পড়া ভোটারদের সমস্যার দ্রুত নিষ্পত্তি, যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার ও বস্তিবাসীদের উচ্ছেদ না করা এবং ব্লক এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ।
ডেপুটেশন জমা দিতে গিয়ে প্রতিনিধিদল জানতে পারেন, বিডিও একটি সরকারি বৈঠকে ব্যস্ত রয়েছেন। ফলে তাঁর অনুপস্থিতিতে দপ্তরের বড়বাবুর হাতে ৮ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে পথসভায় দলীয় নেতৃত্ব রাজ্য ও স্থানীয় বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যু তুলে ধরে প্রশাসনের কাছে দ্রুত দাবি পূরণের আহ্বান জানান।

