বারুইপুর এনকাউন্টারে নিহত প্রভাসকে নিয়ে স্ত্রীর বিস্ফোরক মন্তব্য, পরে দেহ নিতে থানায় পরিবার

জাকির আলী  :: সংবাদ প্রবাহ ::বারুইপুর :: বুধবার ৮,জুলাই :: বারুইপুরের বহুচর্চিত এনকাউন্টারে নিহত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে তাঁর স্ত্রী ও পরিবারের প্রতিক্রিয়াকে কেন্দ্র করে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমদিকে পরিবারের পক্ষ থেকে মৃতদেহ গ্রহণে অনীহা প্রকাশ করা হয়েছিল। তবে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রভাসের মা ও স্ত্রী থানায় পৌঁছে মৃতদেহ গ্রহণ করেন।

পরিবারের দাবি অনুযায়ী, প্রভাসের স্ত্রী অত্যন্ত ক্ষোভের সুরে বলেন, “ও নোংরা লোক ছিল। নিজের কৃতকর্মের ফলেই গুলি খেয়েছে।” তাঁর এই মন্তব্য ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রভাসের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরেই পরিবার সামাজিকভাবে চরম অস্বস্তি ও অপমানের মধ্যে ছিল। পরিবারের ঘনিষ্ঠদের দাবি, প্রভাসের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ ওঠার পর থেকেই পরিবারের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়।

সাম্প্রতিক ঘটনায় সেই সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। সেই কারণেই প্রথমে মৃতদেহ গ্রহণে অনীহা দেখিয়েছিল পরিবার। তবে আইনানুগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে এবং শেষকৃত্যের ব্যবস্থা করার উদ্দেশ্যে পরে তাঁর মা ও স্ত্রী থানায় যান।

এদিকে, বারুইপুরের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে পুলিশের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছে বিভিন্ন মহল, অন্যদিকে নির্যাতিতার জন্য দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবিও জোরালো হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এনকাউন্টারের ঘটনায় প্রয়োজনীয় সমস্ত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্র আদালতের নির্দেশ অনুযায়ী উপস্থাপন করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে, মানবাধিকার সংগঠনগুলির একাংশ ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে। তাদের বক্তব্য, এনকাউন্টার সংক্রান্ত প্রতিটি ঘটনার স্বচ্ছ তদন্ত হওয়া উচিত, যাতে ঘটনার প্রকৃত সত্য সামনে আসে।

বারুইপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তেজনা অব্যাহত রয়েছে। প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =