নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পুরুলিয়া :: বুধবার ৮,জুলাই :: ডাম্পার গাড়ি বিক্রির প্রলোভন দেখিয়ে অনলাইনে অগ্রিম টাকা হাতিয়ে নেওয়া এবং পরবর্তীতে মারধর করে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনায় এক বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশের হুড়া থানা।
অভিযোগ দায়ের হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে এই চক্রের সাথে জড়িত ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই, ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৩৫ নাগাদ হাওড়া জেলার ডোমজুড় এলাকার এক বাসিন্দা হুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারীর দাবি, তাঁকে একটি ডাম্পার গাড়ি বিক্রির লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছিল। অভিযুক্তরা প্রথমে তাঁর কাছ থেকে অনলাইনে অগ্রিম টাকা গ্রহণ করে। এরপর গাড়ি হস্তান্তরের নাম করে তাঁকে পুরুলিয়া রেল স্টেশনে ডেকে পাঠানো হয়।
সেখান থেকে তাঁকে হুড়া থানার অন্তর্গত কুদলুং গ্রামের একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ, ওই নির্জন বাড়িতে নিয়ে গিয়ে অভিযোগকারী এবং তাঁর গাড়িচালককে লোহার রড দিয়ে মারাত্মকভাবে মারধর করা হয়।
এরপর তাঁদের কাছ থেকে নগদ ২,২৬,২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় মামলা রুজু করে অবিলম্বে তদন্ত শুরু করে পুলিশ। হুড়া থানার পুলিশের তৎপরতায় মামলা রুজু হওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়।
এদিন ওই ছয় ধৃতকে কোর্টে পেশ করল হুড়া থানার পুলিশ জানা যায় অভিযুক্তদের নাম জগদীশ মাহাতো ,আকাশ আনসারী ,মজবুল আনসারী, শেখ মনু, গৌতম কালিন্দী, হায়দার সা । জেলা পুলিশ জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

