নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: সোমবার ১৩,জুলাই :: বারাসাত পৌরসভা এবং ছোট জাগুলিয়া পঞ্চায়েতের ঠিক বর্ডারে বড়াগ্রাম। পৌরসভা ও পঞ্চায়েতের সীমান্তবর্তী এই রাস্তায় সারা বছরই খানাখন্দ গর্তে ভরা থাকে। বর্ষায় এই রাস্তার অবস্থা আরো ভয়ানক হয়ে দাঁড়ায়।
প্রায় ৩০ টা গ্রামের লক্ষাধিক মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন। প্রতিদিন অটো, টোটো উল্টে যাচ্ছে। কোন না কোন দুর্ঘটনা এই রাস্তার নিত্যদিনের সাথী।
ছোট জাগুলিয়া হাসপাতাল, বিডিও অফিস, পলিটেকনিক কলেজ, স্কুল, বাজার-হাট, বামনগাছি ও দত্তপুকুর স্টেশন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে এই রাস্তা দিয়েই যেতে হয়। অথচ বছরের পর বছর ধরে এই রাস্তার হাল এমনই হয়ে থাকে।
গ্রামবাসীরা জানালেন, পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েত পৌরসভার দিকে ঠেলে দেয়। পৌরসভার কাছে গেলে পৌরসভা “পঞ্চায়েত করবে” বলে দায় এড়িয়ে যায় । এমনটাই অভিযোগ।
ইতিমধ্যেই বারাসাত পৌরসভায় পদত্যাগের হিড়িক পড়ায় এবং ছোট জাগুলিয়া পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্যরা অনুপস্থিত থাকায় আরো বিপাকে পড়েছেন গ্রামবাসীরা।
এবার তারা কার কাছে যাবেন ? আদৌ কি কোনোদিন এই রাস্তার হাল ফিরবে ? নাকি এই ভাবেই দিনের পর দিন চলতে হবে। তবু নতুন সরকারের দিকে তারা তাকিয়ে আছেন, হয়তো এবার তাদের রাস্তার হাল ফিরবে।

