নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বুধবার ১৫,জুলাই :: জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দোলনা ব্রিজ সংলগ্ন এলাকায় তীব্র আকার ধারণ করেছে নানাই নদীর ভাঙন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ ও প্রশাসনের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে দিনের পর দিন অবৈজ্ঞানিক উপায়ে নদী থেকে অবৈধ বালি তোলার জেরেই এই বিপর্যয় নেমে এসেছে।
গতিপথ পরিবর্তন করে নানাই নদী এখন একের পর এক চাষের জমি গ্রাস করছে। বিঘার পর বিঘা কৃষিজমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
জঙ্গল লাগোয়া এই প্রত্যন্ত গ্রামের মূল ভিত্তিই হলো কৃষি। কৃষকদের সুবিধার্থে সরকারি উদ্যোগে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে এখানে একটি সৌরচালিত জলসেচ প্রকল্প গড়ে তোলা হয়েছিল। বসানো হয়েছিল বহুমূল্যবান সোলার প্যানেল ও আনুষঙ্গিক যন্ত্রপাতি।
বর্তমানে নানাই নদীর ভাঙন এই সোলার প্যানেল থেকে মাত্র ২০০ মিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। যে কোনও মুহূর্তে এই সরকারি সম্পত্তি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমনটা হলে একদিকে যেমন বিপুল সরকারি সম্পত্তির ক্ষতি হবে, তেমনই এলাকার কৃষিকাজ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়বে।
স্থানীয়দের দাবি, বিগত তৃণমূল কংগ্রেসের জমানায় নানাই নদী থেকে অবাধে বালি লুট করা হয়েছিল। সেই সময় বহু কৃষক তাঁদের শেষ সম্বল কৃষিজমিটুকু হারিয়ে সর্বস্বান্ত হন। বর্তমান পরিস্থিতি এতটাই শোচনীয় যে, ভবিষ্যৎ নিয়ে চরম হতাশায় ভুগছেন এলাকার চাষিরা।
প্রশাসনের ভয়ে অনেকেই ক্যামেরার সামনে মুখ খুলতেও সাহস পাচ্ছেন না। এই পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

