নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আগরতলা :: সোমবার ২০,জুলাই :: পুলিশ সদর দপ্তর থেকে উদ্ধার করা হয়েছে ত্রিপুরার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অনুরাগ ধনকরের দেহ। প্রাথমিকভাবে অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। তবে এখনও তাঁর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়।
এই মর্মান্তিক খবর পেয়েই পুলিশ সদর দপ্তরে ছুটে যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল। তারা নমুনা সংগ্রহের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে অনুমান করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনও মন্তব্য করতে নারাজ প্রশাসন। ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।
তদন্তকারীরা ব্যক্তিগত, পেশাগত ও প্রশাসনিক সহ সমস্ত দিক খতিয়ে দেখছেন। তবে তাঁর এক সহকর্মী জানান, পারিবারিক স্তরে তাঁর কোনও সমস্যা ছিল না। স্ত্রী আগরতলাতেই তাঁর সঙ্গে থাকতেন এবং একমাত্র সন্তান কানাডায় কর্মরত।

