চুঁচুড়ায় বোর্ড গঠনের আগেই ইস্তফা তিন কাউন্সিলরের – তপন দাশগুপ্তের পর তৃণমূলে আবার ধাক্কা

জকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: সোমবার ২০,জুলাই :: এর আগেই পদত্যাগ করেছিলেন পৌরপ্রধান, উপ-পৌরপ্রধান-সহ চার কাউন্সিলর; নতুন করে তিন জনপ্রতিনিধির ইস্তফায় জোর জল্পনা।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর রাজ্যের বিভিন্ন পুরসভায় রাজনৈতিক অস্থিরতার আবহ তৈরি হয়েছে।

বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিদের পদত্যাগের ঘটনা সামনে আসার মধ্যেই এবার চুঁচুড়া পুরসভায় নতুন করে বড় ধাক্কা খেল তৃণমূল। পৌর বোর্ড গঠনের ঠিক আগে দল ছেড়ে পদত্যাগ দিলেন তৃণমূল কংগ্রেসের তিন কাউন্সিলর।

পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি তথা বর্ষীয়ান নেতা শ্যামাপ্রসাদ মুখার্জী ।

রয়েছেন কাউন্সিলর অর্পিতা সাহা এবং ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দিতা রাজবংশী মণ্ডল। তাঁদের এই সিদ্ধান্তে চুঁচুড়ার রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগেই চুঁচুড়া পুরসভার পৌরপ্রধান, উপ-পৌরপ্রধান-সহ চারজন কাউন্সিলর পদত্যাগ করেছিলেন।

ফলে একের পর এক পদত্যাগে চুঁচুড়া পুরসভার রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। পৌর বোর্ড গঠনের প্রাক্কালে এই ঘটনায় তৃণমূলের সাংগঠনিক শক্তি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের ফলাফলের পর দলের অভ্যন্তরে ক্ষোভ ও অসন্তোষের প্রতিফলনই এই ধারাবাহিক পদত্যাগ। যদিও পদত্যাগী কাউন্সিলরদের পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে এখনও স্পষ্ট কোনও ঘোষণা করা হয়নি।

চুঁচুড়া পুরসভার নতুন বোর্ড গঠন এবং এই রাজনৈতিক অস্থিরতার প্রভাব আগামী দিনে জেলার রাজনীতিতে কী প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =