নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২২,জুলাই :: শহিদ সমাবেশকে ঘিরে উত্তর ২৪ পরগনার তৃণমূলের দুই শিবিরের আয়োজিত সভার কোন দিকে নিচুতলার কর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন? মঙ্গলবার তৃণমূলের নিচুতলার কর্মীদের উপস্থিতিতে ঋতব্রতপন্থী ‘ভালো তৃণমূল’কে টেক্কা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জ্যোতিপ্রিয় মল্লিক, মধ্যমগ্রামের রথীন ঘোষ ও বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার হাত ছেড়েছেন মমতার। কিন্তু এই তিনজনের এলাকা থেকেই তৃণমূলের পুরসভা ও পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি এবং নিচুতলার কর্মীরা এ দিন উপস্থিত হন মমতার সভায়।
মমতার উপরেই আস্থা রেখে নিচুতলার কর্মী এবং জনপ্রতিনিধিরা এ দিন কলকাতার শহিদ সমাবেশে হাজির হন। এ বার কয়েকটি ওয়ার্ড থেকে বাস ভাড়া করা হয়েছিল। সকালে অনেকেই চলে এসে জানতে পারেন, বিজেপি কর্মীরা বাসের মালিকদের ভয় দেখানোয় বাস আসেনি।
কিন্তু এর পরেও কর্মী এবং জনপ্রতিনিধিদের কেউ মেট্রো কিংবা ক্যাব বুক করে মমতার সভায় গিয়েছেন। মধ্যমগ্রাম পুরসভা থেকেও প্রায় ১০০ জন কর্মী মমতার সভায় হাজির হন। মধ্যমগ্রাম বিধানসভা এলাকা থেকেও অসংগঠিত ভাবে প্রায় হাজার দুয়েক কর্মী যান।

