নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ২৫,জুলাই :: হিন্দুদের দেবদেবিকে নিয়ে ছেলেখেলা বিজ্ঞাপনে হিন্দু দেব-দেবীকে নিয়ে অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে বর্ধমানে এক নামী বস্ত্র বিপণির বিরুদ্ধে সরব হলো শনিবার জাতীয় কংগ্রেস দলের নেতৃত্ববৃন্দ।
অভিযোগ, বর্ধমান শহরের বড়নিলপুর মোড়, কার্জন গেট সহ বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন ধরে এক অভিজাত শাড়ি শোরুমের তরফে জায়ান্ট স্ক্রিনে বিজ্ঞাপন চালানো হচ্ছিলো।
সেখানে ভগবান জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং বলরামকে কার্টুন বা অ্যানিমেশনের মাধ্যমে লাল চশমা ও কৃত্রিম হাত পরিয়ে কেনাকাটা ও ডিসকাউন্টে শাড়ি কেনার ক্রেতা (কাস্টমার) হিসেবে উপস্থাপন করা হয়েছে।
এ বিষয়ে প্রতিবাদিদের পক্ষে গৌরব সমাদ্দার জেলা কংগ্রেসের INTUC সভাপতি জানান, “ভগবানকে বিজ্ঞাপনের কাস্টমার বানিয়ে হিন্দু দেব-দেবী এবং ধর্মীয় ভাবাবেগকে চরম আঘাত করা হয়েছে।
আসন্ন দুর্গাপূজাতেও যাতে লক্ষ্মী, গণেশ বা সরস্বতীকে নিয়ে এই ধরনের বাণিজ্যিক উদ্দেশ্যে ছেলেখেলা না করা হয়, তা আমরা নিশ্চিত করতে চাই।
তিনি আরও জানান, দোকানের ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বলে ১ ঘণ্টার মধ্যে এই আপত্তিকর বিজ্ঞাপন বন্ধের সময়সীমা (আল্টিমেটাম) দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।
প্রতিবাদকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, বর্ধমান তথা পশ্চিমবঙ্গ বা দেশের কোথাও যদি দেব-দেবীর অবমাননা করে বিজ্ঞাপন চালানো হয়, তবে আগামী দিনে আরও বড় আন্দোলনের পথ বেছে নেওয়া হবে

