ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট পরীক্ষার রিপোর্ট বাধ্যতামূলক করার জেরে গভীর সংকটে উত্তরবঙ্গের চা শিল্প।

নিজস্ব সংবাদদাতা   :: সংবাদ প্রবাহ :: লাটাগুড়ি :: বুধবার ২৯,জুলাই :: গত ২৭ জুলাই থেকে ব্রডলিফ চা কারখানাগুলি MRL রিপোর্ট ছাড়া ক্ষুদ্র চাষিদের কাঁচা চা পাতা নেওয়া বন্ধ করে দিয়েছে।

এর ফলে স্থবির হয়ে পড়েছে পাতা সংগ্রহ। কাজ হারানোর ঝুঁকিতে পড়েছেন লক্ষ লক্ষ ক্ষুদ্র চা চাষি, শ্রমিক, পরিবহন ও কারখানা কর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রামশাই চাপাতা ব্যবসায়ী সমিতি সর্বসম্মতিক্রমে পাতা কেনা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে নিয়মের তোয়াক্কা না করে কিছু ব্যবসায়ী গোপনে পাতা সংগ্রহ করছেন বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে সমিতির সদস্যরা লাটাগুড়ি স্টেশন মোড়ের জাতীয় সড়কে পাতা বোঝাই কয়েকটি গাড়ি আটকে বিক্ষোভ দেখান। পরে ক্রান্তি ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িগুলিকে ফেরত পাঠায়।

ব্যবসায়ী সমিতির সদস্যদের দাবি, MRL রিপোর্ট ছাড়া কীভাবে কারখানায় পাতা সরবরাহ করা হচ্ছে, তা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ। রিপোর্ট সংক্রান্ত জটিলতা না কাটলে এই অচলাবস্থা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + three =