জাকির আলী :: সংবাদ প্রবাহ :: কুলপি :: বুধবার ২৯,জুলাই :: বর্ষায় হাঁটুসমান জল, গর্তে উল্টে যাচ্ছে গাড়ি; আইটিআই কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও মৎস্যজীবীদের যাতায়াতে চরম ভোগান্তি
দীর্ঘদিনের অবহেলায় কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে কুলপি ব্লকের দামোদরপুর থেকে ট্যাংরার চর পর্যন্ত সংযোগকারী রাস্তা।
সামান্য বৃষ্টি হলেই রাস্তার উপর হাঁটুসমান জল জমে যায়। কোথায় রাস্তা আর কোথায় গর্ত—তা বোঝা যায় না। ফলে প্রায়ই গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটছে। আহত হচ্ছেন সাধারণ মানুষ।
অথচ বারবার অভিযোগ জানিয়েও স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা বনোয়ালি মিস্ত্রির দাবি, বহু বছর ধরে একই দুরবস্থা চলছে।
এই রাস্তা দিয়েই একটি আইটিআই কলেজ, একাধিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, ট্যাংরার চর এলাকার মৎস্যজীবী এবং কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
বহুবার গাড়ি দুর্ঘটনায় মানুষ আহত হয়েছেন। স্থানীয়দেরই দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে হয়েছে। ভনোয়ালি মিস্ত্রির অভিযোগ, আগের পঞ্চায়েতকে একাধিকবার বিষয়টি জানানো হলেও স্থায়ীভাবে কোনও সংস্কার হয়নি।
যে কাজ হয়েছে, তা নিম্নমানের হওয়ায় অল্পদিনের মধ্যেই রাস্তা ফের বেহাল হয়ে পড়ে। দামোদরপুর থেকে ট্যাংরার চর পর্যন্ত প্রায় গোটা রাস্তাজুড়েই একই চিত্র।
রাস্তার ধারে প্রাথমিক বিদ্যালয় থাকায় প্রতিদিন ছোট ছোট পড়ুয়াদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বর্ষার সময় রোগী নিয়ে অ্যাম্বুল্যান্স চলাচলও কার্যত অসম্ভব হয়ে পড়ে।

