নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: রবিবার ২,আগস্ট :: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের হাটচালি বাজারে আকস্মিক পরিদর্শনে নামল জেলা প্রশাসন।
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানার নেতৃত্বে পুলিশ ও প্রশাসনের একটি টাস্ক ফোর্স বাজার পরিদর্শন করে সবজি ও মাছের দাম খতিয়ে দেখে। রবিবার সকাল প্রায় ১১টা ৫০ মিনিট নাগাদ হাটচালি বাজারে পৌঁছে পুলিশ সুপার বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা, চন্দ্রকোনা রোডের বিজেপি নেতা গৌতম কোউড়ি, স্থানীয় বিডিও, ওসি, আইসি-সহ প্রশাসনের একাধিক আধিকারিকরা।
অন্যদিকে ঘাটাল কুঠিবাজারে মহকুমাশাসক ও মহকুমা পুলিশ আধিকারীকের নেতৃত্বে সব্জীর দোকানে অভিযান চলে।

