শ্রীরামপুরের মন্ত্রী ও বিধায়ক ভাস্কর ভট্টাচার্য আজ প্রসাশন ও পুলিশের সাথে বৈঠক করেন

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: বুধবার ১২,আগস্ট :: শ্রীরামপুর ও রিষড়া পুরসভার কাজে গতি আনতে মঙ্গলবার শ্রীরামপুর মহকুমাশাসকের দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক ভাস্কর ভট্টাচার্য।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ দিনের বৈঠকে রিষড়া ও শ্রীরামপুর পুর এলাকার নাগরিক পরিষেবার মান কীভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে বিশদে অফিসারদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।বেহাল রাস্তা, আলো, পানীয় জলের পাশাপাশি যত্রতত্র পড়ে থাকা আবর্জনা পরিষ্কারে বেশি জোর দেওয়ার জন্য অফিসারদের নির্দেশ দেন মন্ত্রী।

যদিও পুর আধিকারিকেরা বৈঠকে জানান, সরকার বদলালেও জঞ্জাল সাফাই, পানীয় জল, আলোর মতো জরুরি পরিষেবা সচল আছে। তবে বর্ষার কারণে বেশ কিছু এলাকায় রাস্তাঘাট খারাপ হয়েছে।

বিধায়ক এ দিন শ্রীরামপুর থানায় যান। সেখানে থানার ভারপ্রাপ্ত আইসি বাপি রায়-সহ বাকি পুলিশকর্মীদের সঙ্গে আলোচনা করেন ।

থানায় মানুষ অভিযোগ জানাতে এসে যাতে কোনও অসুবিধার সম্মুখীন না হন, সেই বিষয়েও বিধায়ক পুলিশকর্মীদের সচেতন করেন। একটি অত্যাধুনিক পানীয় জলের মেশিন তুলে দেন পুলিশকর্মীদের হাতে।

মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, ‘বাম জমানা থেকে শুরু করে তৃণমূল জমানায় রাজ্যের নাগরিক পরিষেবা তলানিতে এসে ঠেকেছে। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার সদ্য ক্ষমতায় এসেছে। আমাদের একটু সময় দিতে হবে। কয়েক মাসের মধ্যেই রাস্তা, আলোর মতো আধুনিক পরিষেবার মাধ্যমে পুরসভার হাল ফেরানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =