কাকভোরে তারাপীঠের ” বিদেশিনী ” হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড – মৃত সাত

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: তারাপীঠ :: সোমবার ১৯,আগস্ট :: সোমবার ভোর সাড়ে ৪টা নাগাদ তারাপীঠ থানার অদূরে পুকুরপাড়ে অবস্থিত ‘বিদেশিনী’ নামের একটি বেসরকারি হোটেলের গ্রাউন্ড ফ্লোরে হঠাৎই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় হোটেলের আবাসিকদের মধ্যে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নেভানোর পাশাপাশি হোটেলের ভেতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে জোরদার তৎপরতা শুরু হয়।

দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। এরপর হোটেলের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে দগ্ধ অবস্থায় সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

এই অগ্নিকাণ্ডে বিদেশিনী হোটেলে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের দ্রুত উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও দিনহাটা এলাকার বাসিন্দা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত পরিবার-পরিজনেরা তারাপীঠ ও রামপুরহাটের উদ্দেশে রওনা দেন। অনেকেই হাসপাতালে পৌঁছে স্বজনদের খোঁজ করছেন।

দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ার নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কি না, বৈদ্যুতিক সংযোগে কোনও ত্রুটি ছিল কি না এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে ।

ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। পাশাপাশি হোটেলের সিসিটিভি ফুটেজ, বৈদ্যুতিক সংযোগ ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে। ভোরের এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে তারাপীঠ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + thirteen =