নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বড়ঞা :: রবিবার ২৩,আগস্ট :: মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনাভারুই গ্রামে কুয়ে নদীর জল ঢুকে বিঘার পর বিঘা কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে আশপাশের বিস্তীর্ণ ধান চাষের জমি এখন জলের তলায়।
গত চার দিন ধরে জমিতে জল জমে থাকায় চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এলাকার কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, কুয়ে নদীর জল বেড়ে যাওয়ার ফলে নদী সংলগ্ন একাধিক চাষের জমিতে জল ঢুকে পড়ে। সেই জল এখনও নামেনি। ফলে সদ্য রোপণ করা ধানের চারা সম্পূর্ণভাবে জলের নিচে চলে গেছে।
কৃষকদের আশঙ্কা, আরও কয়েকদিন জল জমে থাকলে ধানের চারা পচে যাবে এবং গোটা মরশুমের ফসল নষ্ট হয়ে যেতে পারে। এলাকার এক কৃষক বলেন, “চার দিন ধরে পুরো জমি জলের তলায়। অনেক কষ্ট করে ঋণ নিয়ে ধান চাষ করেছি। এখন কুয়ে নদীর জলে সব জমি ডুবে রয়েছে।
ধান যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের পরিবার নিয়ে বাঁচা কঠিন হয়ে পড়বে। আমরা খাব কীভাবে, সংসার চালাব কীভাবে সেই চিন্তায় রাতের ঘুম উড়ে গেছে।”
কুয়ে নদীর জলে জমি ডুবে যাওয়ায় এখন ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাঁরা। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং স্থায়ী জল নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছেন সোনাভারুই গ্রামের বাসিন্দারা।
বর্তমানে কুয়ে নদীর জল এবং জলমগ্ন ফসলের জমি ঘিরে উদ্বেগের ছায়া নেমে এসেছে গোটা সোনাভারুই গ্রামে। কৃষকদের একটাই প্রার্থনা— দ্রুত জল নেমে যাক এবং তাঁদের বছরের পরিশ্রম জলে ভেসে না যাক।

