গাছের পাতা, কলা গাছের কান্ড, ধানের শীষ, কুমড়োর বীজ, শসার বীজ এমনকি পোস্তর খোসা দিয়ে তৈরি হচ্ছে রাখি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণগঞ্জ :: বুধবার ২৬,আগস্ট :: রাখি তো আপনারা অনেক দেখেছেন… কিন্তু এমন রাখি কি কোনওদিন দেখেছেন? গাছের পাতা, কলাগাছের কাণ্ড, কচুরিপানা, ধানের শিষ—এমনকি কুমড়োর বীজ, শসার বীজ আর পেস্তার খোসা দিয়েও তৈরি হচ্ছে রাখি ।

আর এই অভিনব রাখি তৈরি করেই প্রতি বছর নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে চলেছেন নদীয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

নদীয়ার কৃষ্ণগঞ্জের চন্দননগর সমবায় সমিতির স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রতিবছরের মতো এবারও নতুন রাখির সম্ভার নিয়ে হাজির হয়েছেন বাজারে। তবে এবারের রাখিতে রয়েছে আরও বড় চমক।

প্রকৃতিকে ভালো রাখার বার্তা নিয়েই এবার রাখি তৈরি করছেন তাঁরা। কলা গাছ, বট গাছ, অশ্বত্থ গাছের পাতা ও কাণ্ডের মতো প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে তৈরি হয়েছে অভিনব রাখি। পাশাপাশি রয়েছে উলের তৈরি রাখিও।

আর এই রাখি যে শুধু দেখতে অভিনব, তা নয়—দামও রাখা হয়েছে সাধারণ মানুষের নাগালের মধ্যেই। মাত্র ৫ টাকা, ১০ টাকা এবং ২০ টাকায় পাওয়া যাচ্ছে এই রাখিগুলি। তবে এখানেই শেষ নয়। আগের বছরগুলিতে তৈরি রাখির সংগ্রহও রয়েছে তাঁদের কাছে।

পাট, কাঠের গুঁড়ো, কচুরিপানা, ধান, কাপড় এবং তালপাতা দিয়ে তৈরি হয়েছে একাধিক ধরনের রাখি। এমনকি কুমড়োর বীজ, শসার বীজ, পেস্তার খোসা এবং ভুট্টার খোসাকেও কাজে লাগিয়ে তৈরি হয়েছে রাখি।

অর্থাৎ, যে জিনিসগুলি হয়তো আমাদের চোখে ফেলনা—সেই জিনিসগুলিই তাঁদের হাতে হয়ে উঠছে সুন্দর এবং পরিবেশবান্ধব রাখি। আর সেই কারণেই এই রাখির চাহিদাও ক্রমশ বাড়ছে। নদীয়া জেলা পেরিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের দোকানেও পৌঁছে যাচ্ছে এই পরিবেশ বান্ধব রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + fifteen =