জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: মঙ্গলবার ৮,সেপ্টেম্বর :: সাইবার প্রতারনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠল হুগলির উত্তরপাড়ার এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার অপরাধ দমন শাখার গোয়েন্দারা। একই সঙ্গে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তের স্বার্থে ওই যুবক এবং বাকিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে তাঁদের কাছ থেকে একাধিক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্যান কার্ড, চেকবই, ব্যাঙ্কের পাশবই উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি মোবাইল ফোন এবং সাতটি সিম কার্ড।
চন্দননগর পুলিশের ডিসি (ডিডি) রূপান্তর সেনগুপ্ত বলেন, ‘ধৃতরা বিভিন্ন এলাকার বাসিন্দা। তদন্তের স্বার্থে এখনই তাঁদের নাম-পরিচয় সামনে আনছি না আমরা। ধৃতদের কয়েক জন পূর্ব পরিচিত। তবে অপরাধের কৌশল প্রায় এক।’
পুলিশের দাবি, হোয়াটসঅ্যাপ বা মেসেজে লিঙ্ক পাঠিয়ে কিংবা সাহায্য করার ছুতোয় সাধারণ মানুষকে ফাঁদে ফেলত অভিযুক্তরা। অনেকটা জামতাড়া গ্যাং এর কায়দায়। কত টাকা এই প্রতারনায় জড়িয়ে গেছে এই মুহুর্তে পুলিশ সেটাই তদন্ত করছে ।

