সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৮,সেপ্টেম্বর :: পুরো এই ঘটনা টা সিসিটিভি ও মোটরবাইকের সূত্র ধরে পুলিশের জালে অভিযুক্ত, উদ্ধার ও প্রায় ৩ লক্ষ টাকার সামগ্রী।
শিলিগুড়িতে চুরির পরপর তিনটি পৃথক মামলার তদন্তে বড়সড় সাফল্য পেল পুলিশ। তদন্তে নেমে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নবনীত কুমার গুপ্তা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর ঠিকানা অগ্র ২৭, চৌহদ্দি মোড়।
পুলিশ সূত্রে খবর, গত ১৪ আগস্ট ২০২৬ ভূপেন্দ্রনগর এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, ওই বাড়ি থেকে প্রায় ৬ গ্রাম সোনা এবং ১৬ গ্রাম রুপো চুরি হয়। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তদন্ত শুরু করে পুলিশ।এরপর গত ২২ মার্চ ২০২৬ সালুগাড়ার বেতগাড়া এলাকায় আরও একটি চুরির ঘটনা সামনে আসে। সেখানে একটি বাড়ি থেকে প্রায় ১৪ গ্রাম সোনা এবং নগদ প্রায় ১৫ হাজার টাকা চুরি যাওয়ার অভিযোগ ওঠে।
তৃতীয় ঘটনাটি ঘটে গত ২৫ আগস্ট ২০২৬ গিদালপাড়া এলাকায়। ওই ঘটনায় প্রায় ১২ গ্রাম সোনা এবং ৯২ গ্রাম রুপো চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়।
তিনটি ঘটনার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। পাশাপাশি একটি মোটরবাইককে কেন্দ্র করে পাওয়া সূত্রও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে পুলিশ সূত্রে দাবি। একাধিক তথ্য যাচাই করার পর তদন্তকারীরা অভিযুক্ত নবনীত কুমার গুপ্তার কাছে পৌঁছন।
এরপর গত ২৮ আগস্ট ২০২৬ নবনীত কুমার গুপ্তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে চুরির ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের সামগ্রী ও মালপত্রের হদিশ মিলেছে। তদন্তের স্বার্থে অভিযুক্তকে তিন দফায় পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
তদন্তকারীরা মনে করছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও কিছু তথ্য সামনে আসতে পারে। চুরির ঘটনাগুলির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
এখন অভিযুক্ত নবনীত কুমার গুপ্তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জলপাইগুড়ি আদালতে পেশ করা হচ্ছে।।
