টিয়ে পাখি নিখোঁজের পোস্টার,৫হাজার টাকা পুরুস্কার ঘোষনা মালিকের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৩,সেপ্টেম্বর :: বর্ধমানে পোষ্য টিয়া নিখোঁজ, সন্ধান দিলেই নগদ পুরস্কার। বাড়ির পোষ্য পাখি হারিয়ে গেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু সেই পাখিকে খুঁজে পেতে যদি পাঁচ হাজার টাকা নগদ পুরস্কার ঘোষণা করা হয়, তাহলে তা নিয়ে কৌতূহল তৈরি হওয়াই স্বাভাবিক।

এমনই এক মজার অথচ আবেগঘন ঘটনা সামনে এসেছে বর্ধমানে। পোষ্য টিয়া পাখি ‘মিঠু’ নিখোঁজ হওয়ার পর তাকে খুঁজে পেতে শহরের বিভিন্ন জায়গায় টাঙানো হলো পোস্টার। আর সেই পোস্টারে স্পষ্ট ঘোষণা—মিঠুর সন্ধান দিতে পারলেই মিলবে ৫ হাজার টাকা নগদ পুরস্কার!

পোস্টারে দেওয়া তথ্য অনুযায়ী, ‘মিঠু’ একটি দেশি চন্দনা টিয়া। পুরুষ পাখিটির বিশেষ পরিচয় হিসেবে বলা হয়েছে, নাম ধরে ডাকলে সে সাড়া দেয়। গলায় স্পষ্ট কালো দাগ এবং লাল রঙের একটি রিং রয়েছে। ফলে মিঠুকে শনাক্ত করতে এই বৈশিষ্ট্যগুলির কথাও পোস্টারে উল্লেখ করা হয়েছে।

পোস্টারে জানানো হয়েছে, গত ২৮ আগস্ট শুক্রবার রাধাপূর্ণিমার দিনে সকাল ৭টা ৪০ মিনিট থেকে ৮টার মধ্যে মিঠু নিখোঁজ হয়ে যায়।

বর্ধমান শ্যামলাল চালতাতলা কালী মন্দির সংলগ্ন বটগাছের গোড়া থেকে পাখিটির নিখোঁজ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য গতিপথ হিসেবেও কয়েকটি জায়গার কথা পোস্টারে জানানো হয়েছে।

সবচেয়ে নজরকাড়া বিষয় অবশ্যই পুরস্কারের অঙ্ক। পোস্টারে বড় বড় অক্ষরে লেখা—“পুরস্কার নগদ : ৫,০০০/- (পাঁচ হাজার টাকা)”। এমনকী, কেউ মিঠুকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে পারলে তাঁকেই এই নগদ পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ফলে শহরের দেওয়ালে দেওয়ালে এখন যেন একটাই প্রশ্ন—“মিঠু কোথায়?” সাধারণত হারিয়ে যাওয়া মানুষ কিংবা গবাদি পশুর সন্ধানে পোস্টার দেখা গেলেও পোষ্য টিয়ার সন্ধানে এমন পুরস্কার ঘোষণা নিঃসন্দেহে নজর কেড়েছে পথচলতি মানুষের।

কেউ পোস্টার দেখে হেসে ফেলছেন, কেউ আবার পাখিটির প্রতি মালিকের টান ও ভালোবাসার প্রশংসা করছেন। মিঠুর মালিকের কাছে পাঁচ হাজার টাকা হয়তো বড় বিষয় নয়, আসল বিষয় প্রিয় পোষ্যটিকে ফিরে পাওয়া।

তাই পোস্টারের মাধ্যমে শহরবাসীর কাছেও কার্যত আবেদন—মিঠু যদি কারও নজরে পড়ে, তাকে নিরাপদে ফিরিয়ে দিন। বিনিময়ে মিলবে পাঁচ হাজার টাকা, আর এক পরিবারের ঘরে ফিরবে তাদের আদরের ‘মিঠু’।

মিঠু হারিয়েছে ঠিকই, কিন্তু তাকে খুঁজতে যে ‘পুরস্কারি অভিযান’ শুরু হয়েছে, তা ইতিমধ্যেই বর্ধমানের মানুষের নজর কেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 12 =