পাঁচ বছর পর মাটি খুঁড়ে তোলা হলো মৃত বিজেপি কর্মীর দেহ, ময়নাতদন্তে উঠবে কি ভোট-পরবর্তী হিংসার রহস্য?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: রবিবার ১৩,সেপ্টেম্বর :: সন্দেশখালিতে ২০২১-এর ভোট-পরবর্তী হিংসায় খুনের মামলায় বড় পদক্ষেপ, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমাধি থেকে দেহ উত্তোলন

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালিতে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় খুন হওয়া প্রবীণ বিজেপি কর্মী আস্তিক চন্দ্র দাসের দেহ পাঁচ বছর পর সমাধি থেকে তুলে তদন্ত শুরু করতে চলেছে পুলিশ।

২০২১ সালে সন্দেশখালি-১ নম্বর ব্লকের ন্যাজাট থানার কালীনগর অঞ্চলের ঝনঝনিয়া এলাকায় ভোট-পরবর্তী হিংসার জেরে আস্তিক চন্দ্র দাসকে মারধর করে খুনের অভিযোগ ওঠে।

পরিবারের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছিল। পরে বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

পরিবারের আরও অভিযোগ, সেই সময় পুলিশ তাঁদের লিখিত অভিযোগ নিতে চায়নি এবং মৃতদেহের ময়নাতদন্তও করতে দেওয়া হয়নি। পরে ভয় দেখিয়ে মৃতদেহ সমাধিস্থ করতে বাধ্য করা হয়।

রাজ্যে পালাবদলের পর ফের এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত বিজেপি কর্মীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমাধি থেকে আস্তিক চন্দ্র দাসের দেহ তোলা হচ্ছে। দেহটির ময়নাতদন্তের পাশাপাশি ফরেনসিক তদন্তও করা হবে।

দেহ উত্তোলনের সময় ঘটনাস্থলে রয়েছেন ম্যাজিস্ট্রেট, পুলিশ আধিকারিক, চিকিৎসক এবং ফরেনসিক বিভাগের আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতেই সমাধি থেকে দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

পাঁচ বছর পর শুরু হওয়া এই তদন্তে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষায় নতুন কোনও তথ্য উঠে আসে কি না, এখন সেদিকেই নজর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + four =