নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১৯,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর দু’য়েকের এক শিশুর। মৃত শিশুর নাম সুরজিৎ রায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি–মন্তেশ্বর রোডের সাতগেছিয়া ক্যানেলপাড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
অভিযোগ, মেমারির দিক থেকে একটি লরি দ্রুত গতিতে আসছিল। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে এবং গুরুতরভাবে আহত হয় শিশুটি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ। পাশাপাশি পুলিশের আরও দুটি দল লরিটিকে ধাওয়া করে বলে জানা যায়।
পরে লরিটিকে আটক করার পাশাপাশি গাড়ির চালককেও আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আহত অবস্থায় শিশুটিকে দ্রুত মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরবর্তী সময়ে পুলিশ শিশুটির মৃতদেহ থানায় নিয়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

