নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ১৯,সেপ্টেম্বর :: শনিবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে গেল শিল্পনগরী দুর্গাপুর। শহরের সিটি সেন্টার সহ বিভিন্ন প্রান্তে সকাল থেকেই ঘন কুয়াশার দেখা মেলে। কুয়াশার জেরে কমে যায় দৃশ্যমানতা। ফলে রাস্তায় গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়েন চালকরা।
বিশেষ করে ১৯ নম্বর জাতীয় সড়কে কুয়াশার প্রভাব ছিল চোখে পড়ার মতো। দূরের গাড়ি স্পষ্টভাবে দেখা না যাওয়ায় সতর্ক হয়ে গাড়ি চালাতে দেখা যায় চালকদের। অনেক গাড়িকে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা যায়।
শনিবার সকাল থেকে দুর্গাপুরের একাধিক এলাকা কুয়াশায় ঢাকা পড়ায় শীতের আমেজও অনুভূত হয়। সকালের দিকে রাস্তাঘাটে স্বাভাবিকের তুলনায় দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনা এড়াতে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

