সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: ভারতীয় ক্রিকেটে ভবিষ্যতের তারকা কে—এই প্রশ্নে এখন একটাই নাম ঘুরে ফিরে আসছে, বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই একের পর এক রেকর্ড ভেঙে তাক লাগিয়ে দিয়েছে এই তরুণ ব্যাটার।
ফরম্যাট যাই হোক, শুরু থেকেই বড় শট খেলার ক্ষমতা আর নির্ভীক ব্যাটিং মুগ্ধ করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। এবার বৈভবকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
বুধবার বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছে বৈভব। এই ইনিংসেই সে গড়ে ফেলেছে একাধিক নজির—
সবচেয়ে কম বয়সে লিস্ট ‘A’ ক্রিকেটে শতরান, দ্রুততম ১৫০ রানের রেকর্ড এবং ৩৬ বলে সেঞ্চুরি করে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরানের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসা।
এই পারফরম্যান্সে সে টপকে গিয়েছে এবি ডি ভিলিয়ার্সের মতো কিংবদন্তিকেও। এই অসাধারণ কীর্তির পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শশী থারুর বৈভবের তুলনা টেনেছেন সচিন তেন্ডুলকরের সঙ্গে।
তাঁর কথায়, “শেষবার ১৪ বছর বয়সে এমন প্রতিভা দেখেছিলাম সচিন তেন্ডুলকরকে। তারপর কী হয়েছিল, সবাই জানে।
তাহলে আর কীসের অপেক্ষা? ভারতের জার্সিতে বৈভব সূর্যবংশী…” পোস্টে অজিত আগরকর, গৌতম গম্ভীর, সচিন তেন্ডুলকর ও BCCI-কে মেনশনও করেন তিনি। ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেট, IPL ও অনূর্ধ্ব-১৯ দলে খেলছে বৈভব—এখন প্রশ্ন একটাই, খুব শিগগিরিই কি সিনিয়র দলে দেখা যাবে তাকে?

