নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি :: মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে—দিলীপ ঘোষ। মকর সংক্রান্তি উপলক্ষে দুর্গাপুরের মুচিপাড়ায় ‘চায়ে-পে-চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
তিনি বলেন, ইডি-সিবিআই ঠিকভাবে কাজ করলে তৃণমূলের কোনো নেতা বাদ যাবে না, এমনকি মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে। ইডির হাত থেকে ফাইল ছিনতাইয়ের ঘটনায় মুখ্যমন্ত্রী ও তাঁর সঙ্গে থাকা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ডাকাতির মামলা হওয়া উচিত বলেও দাবি করেন তিনি।
দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যে প্রশাসন ভেঙে পড়েছে এবং মানুষের শেষ ভরসা এখন আদালত। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্যে বিজেপি কর্মীদের উপর একের পর এক হামলা হলেও দোষীরা শাস্তি পাচ্ছে না।
হুমায়ুন কবীর প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে এবং সেই পরিবর্তনের আশা জাগাতে পারলেই জনগণের সমর্থন মিলবে।

