বৈদিক মন্ত্রে বাগদেবীর আরাধনা – পুরোহিতের ভূমিকায় হুগলি মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা।

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ২৪,জানুয়ারি :: চুঁচুড়ার পিপুলপাতিতে অবস্থিত হুগলি মহিলা মহাবিদ্যালয়ে বসন্ত পঞ্চমীর পুণ্য লগ্নে এক অভিনব ও প্রশংসনীয় উদ্যোগের সাক্ষী রইল শিক্ষা মহল।

মহাবিদ্যালয়ের বিভিন্ন বর্ষের মোট ৮ জন ছাত্রী বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে বাগ দেবী সরস্বতীর আরাধনা করলেন। এই বিশেষ আয়োজনের মাধ্যমে ছাত্রীরাই এদিন পুরোহিতের ভূমিকা পালন করেন। মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের উদ্যোগ ও তৎপরতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।উল্লেখ্য, বিগত বছরেও এমন উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। তবে চলতি বছরে পুজোর আগেই ছাত্রীরা হাতে-কলমে পৌরহিত্যের প্রশিক্ষণ গ্রহণ করেন, এবং বসন্ত পঞ্চমীর পূণ্য লগ্নে যাগ-যজ্ঞ বৈদিক মন্ত্রচ্চারণ সহযোগে সম্পন্ন করেন পলাশপ্রিয়ার আরাধনা।

এ প্রসঙ্গে সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ডঃ কাজল মাল জানান, নারীশিক্ষা ও সংস্কৃত চর্চার প্রসারে এই ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং সমাজে এক ইতিবাচক বার্তা দেবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও এমন কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

কেবলমাত্র ব্রাহ্মণ কন্যা নয়, বাগদেবীর আরাধনার অধিকার রয়েছে সকল নারীদের। এই অভিনব আয়োজনে মহাবিদ্যালয়ের অধ্যাপক এবং শিক্ষা কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে পুজোর আয়োজন করলেও পুজো শুরু হতেই সকলে ছিলেন নির্বাক দর্শক।

এর আগেও বিভিন্ন পূজোয় মহিলা পুরোহিতের দেখা মিললেও, এখনো পর্যন্ত শিক্ষায়তন গুলিতে ছাত্রীদের দ্বারা সরস্বতী পুজোর বিষয়টি একেবারেই অভিনব,যা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 12 =