নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: রবিবার ১,ফেব্রুয়ারি :: মাঘী পূর্ণিমা উপলক্ষে পুণ্য অর্জনের আশায় লক্ষাধিক পুণ্যার্থীর সমাগমে রবিবার ভোর থেকে কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর।
পূর্ণিমা তিথি শুরু হয়েছে ১ ফেব্রুয়ারি ভোর ৫টা ৫২ মিনিটে এবং চলবে ২ ফেব্রুয়ারি ভোর ৩টা ৩৮ মিনিট পর্যন্ত। এই পবিত্র তিথিকে কেন্দ্র করে ভোর থেকেই সাগরসঙ্গমে শুরু হয়েছে পুণ্যস্নান। দূরদূরান্ত থেকে আগত ভক্তরা পবিত্র স্নান সেরে একে একে কপিলমুনির আশ্রমে গিয়ে পূজা ও প্রণাম করছেন।
গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পরও মাঘী পূর্ণিমাকে ঘিরে এমন ভিড় প্রশাসনকেও বাড়তি সতর্ক করেছে। তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে নামানো হয়েছে সিভিল ডিফেন্স কর্মী। জেলা প্রশাসনের তরফে স্থলপথ ও জলপথ—দু’দিকেই কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
গুরুত্বপূর্ণ ঘাট ও জনবহুল এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। মেলা প্রাঙ্গন ও আশপাশের এলাকায় বসানো হয়েছে প্রায় ৫০০টি সিসিটিভি ক্যামেরা।

