নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ২,ফেব্রুয়ারি :: আসানসোলের বিজেপি জেলা কার্যালয়ের ভেতরেই দলীয় কোন্দল প্রকাশ্যে এল। বিজেপি মন্ডল সভাপতিদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপি জেলা সাংগঠনিক সেক্রেটারি অরিজিৎ রায়ের বিরুদ্ধে।
অভিযোগ, বিজেপি জেলা অফিসে দলীয় বৈঠকের সময় মন্ডল সভাপতিদের উপর চড়াও হন অরিজিৎ রায়। বাঁশের লাঠি ও পাঞ্চ ব্যবহার করে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি নেতা আহত হন বলে জানা গেছে।
এই ঘটনার পর বিজেপি মন্ডল সেক্রেটারির পক্ষ থেকে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বিজেপি জেলা সাংগঠনিক সেক্রেটারি অরিজিৎ রায়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি আসানসোলের বিজেপি জেলা কার্যালয়েই ঘটেছে বলে অভিযোগ, যা ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় কার্যালয়ের মধ্যে এমন ঘটনা বিজেপির অন্দরের অন্তর্কলহকেই সামনে আনছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এদিকে, এই অভিযোগ নিয়ে বিজেপির জেলা নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।

