নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ২,ফেব্রুয়ারি :: মাইথন ড্যামের থার্ড ডাইক পিকনিক স্পট রবিবার ছুটির দিনে হঠাৎ করেই কোনও আগাম ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে দূর-দূরান্ত থেকে আসা বহু পর্যটক গাড়ি নিয়ে পিকনিক স্পটের ভিতরে ঢুকতে পারেননি।
কল্যানেশ্বরী নাকার কাছ থেকেই পর্যটকদের ফিরিয়ে দেওয়া হয়। বাধ্য হয়ে অনেকেই রাস্তার পাশেই দাঁড়িয়ে পিকনিক সারেন। অথচ থার্ড ডাইক পিকনিক স্পটটি সম্পূর্ণ ফাঁকা পড়ে ছিল। সমস্ত দোকানপাট বন্ধ থাকায় এলাকায় কোনও কর্মচাঞ্চল্য দেখা যায়নি।
কোনও আগাম নোটিশ ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়ায় পর্যটকরা যেমন সমস্যায় পড়েছেন, তেমনই ক্ষুব্ধ হয়ে উঠেছেন নৌকা চালক ও স্থানীয় ব্যবসায়ীরাও। তাঁদের অভিযোগ, ছুটির দিনে পিকনিক স্পট বন্ধ থাকায় রোজগারে বড় ধাক্কা লেগেছে।
জানা গেছে, এদিন আদিবাসী সম্প্রদায়ের একটি বিশেষ পূজা উপলক্ষে থার্ড ডাইক এলাকায় ধর্মীয় অনুষ্ঠান ও ভোগের আয়োজন করা হয়।
সেই কারণেই পিকনিক স্পটটি বন্ধ রাখা হয়েছে। তবে থার্ড ডাইক ছাড়া অন্যান্য পিকনিক স্পট, যেমন সিধাবাড়ি ও ফায়ারিং রেঞ্জ-এ পিকনিক চালু রয়েছে। সেখানে যেতে হলে পর্যটকদের ঘুরপথ ব্যবহার করতে হচ্ছে।
এই ঘটনাকে ঘিরে বাইরে থেকে আসা পর্যটকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। যদিও আজকের দিনে আদিবাসী সম্প্রদায়ের এই বিশেষ পূজাকে কেন্দ্র করে সেখানে প্রচুর মানুষের সমাগম হয়। নাচ-গান ও উৎসবের আবহে দিনটি পালন করা হয়।

