নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোবরডাঙ্গা :: বুধবার ৪,ফেব্রুয়ারি :: উঃ ২৪ পরগনার গোবরডাঙ্গা ও গাইঘাটা এলাকায় মঙ্গলবার বিকেল থেকে হঠাৎই ছড়িয়ে পড়ে বাঘ দেখা যাওয়ার গুজব। জনশ্রুতির জেরে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায় গণদ্বীপায়ন, গোবরডাঙ্গা, চোংদা ও কুলপুকুর এলাকার বাসিন্দাদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, কেউ কেউ এআই প্রযুক্তির সাহায্যে ভুয়ো ছবি তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। আর তাতেই আতঙ্ক আরও বেড়ে যায়। অনেকেই দাবি করেন, সন্ধ্যার পর বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন তাঁরা।
এলাকাবাসীরা ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, রাত নামলেই আতঙ্ক গ্রাস করছে গোটা এলাকা। শিশু ও বৃদ্ধদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। তবে এই বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন ধর্মপুর-এক গ্রাম পঞ্চায়েতের সদস্য অতুল দে।
তিনি জানান, “এটি সম্পূর্ণ ভুয়ো খবর। বাঘ বা অন্য কোনও বন্যপ্রাণী আসার কোনও ঘটনা ঘটেনি। মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছি।” প্রশাসনের পক্ষ থেকেও গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

