সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: শুক্রবার ৬, ফেব্রুয়ারী :: কলকাতার দক্ষিণ শহরতলীর অন্যতম প্রাচীন ও বড় গড়িয়ার নবদুর্গা পুজা । সেই পুজো কমিটির অফিসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়।
অভিযোগ, শুক্রবার সাত সকালে অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুজা কমিটি সূত্রে জানা গিয়েছে, অফিসের আলমারি ভেঙে নগদ টাকা লোপাট করা হয়েছে। শুধু ভাঙচুরই নয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে অমিত গাঙ্গুলির বিরুদ্ধে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অমিত গাঙ্গুলি। একই সুরে অভিযোগ মানতে নারাজ তার সহযোগী সন্দীপ প্রামানিকও।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গড়িয়া নবদুর্গা পুজা কমিটির পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

